দিনাজপুরের বিভিন্ন বেসরকারি কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত টাকা নিলেও কলেজ কর্তৃপক্ষ এর কোনো রসিদ দিচ্ছে না।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ের জন্য ৯০ টাকা, ব্যবহারিক পরীক্ষার প্রতিটি বিষয়ের জন্য ৭০ টাকা এবং কেন্দ্র ফিসহ অন্যান্য খরচ বাবদ ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন পরীক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ২৭৫ টাকার বেশি আদায় করা যাবে না।
বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম বলেন, ফরম পূরণের সময় বকেয়া বেতন বা দুই বছরের সেশন চার্জ আদায়ের নিয়ম নেই। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সরাসরি নির্দেশনা আছে। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই এই আইন বা নির্দেশনা মেনে চলছে না।
কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, জেলার প্রায় ৯০ শতাংশ কলেজেই বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। দিনাজপুর শহরের কেবিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার ২১৮ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭৫৮ টাকা নেওয়া হচ্ছে। কলেজটির পরীক্ষা কমিটির আহ্বায়ক গণিত বিভাগের শিক্ষক গুলজার রহমান বলেন, বেতন বাদ দিয়ে দুই বছরের সেশন ফি এবং বোর্ড নির্ধারিত ফি বাবদ ওই পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে।
বিরলের বোর্ড হাট মহাবিদ্যালয়ের এক অভিভাবক বলেন, এই কলেজে ফরম পূরণ বাবদ বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭৭০, অনিয়মিতদের কাছ থেকে ২ হাজার ৭৭০, মানবিক বিভাগের নিয়মিতদের কাছ থেকে ৩ হাজার ৩৯০, অনিয়মিতদের কাছ থেকে ২ হাজার ৪৯০, বাণিজ্য বিভাগের নিয়মিত ও অনিয়মিত সবার কাছ থেকেই ৩ হাজার ৩৯০ টাকা আদায় করা হচ্ছে। এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর মাসিক বেতন ও সেশন চার্জ দেয় না। ফরম পূরণের সময় তা নেওয়া হয়।
একইভাবে বীরগঞ্জের গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ ও ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের কয়েকজন পরীক্ষার্থী জানায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭৭০ টাকা করে আদায় করা হচ্ছে।
অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বোর্ড নির্ধারিত ও কলেজ পরিচালনা পরিষদের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না।