ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। উপজেলার শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী চৌরাস্তার মোড়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য দেন অভিভাবক ময়নুল ইসলাম, পরীক্ষার্থী আয়নাল হক, মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা ফি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ঝাড়বাড়ী কলেজে সেই নিয়ম মানা হচ্ছে না। ফরম পূরণে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ ব্যাপারে তাঁরা দিনাজপুর শিক্ষা বোর্ড ও সরকারের কাছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফরম পূরণ বাবদ যে অর্থ আদায় করা হচ্ছে, তা কলেজের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হচ্ছে।