ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
পঞ্চগড়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ উঠেছে। নানা ফির নাম করে এসব টাকা আদায় করছে বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করে জানান, কেন্দ্র ফি, সেশন ফি, বোর্ড ফি, স্কুলের অগ্রিম বেতন, উন্নয়ন ফি, কোচিং ফি, দরিদ্র তহবিল, বিদ্যুৎ বিল, মডেল টেস্ট, শিক্ষা বোর্ডে যাতায়াত ফি, অনলাইন ফরম পূরণ ফি ইত্যাদির নাম করে বোর্ড নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায় করছে বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ফরম পূরণে দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। যদিও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড থেকে ফরম পূরণ ফি সর্বোচ্চ এক হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম পূরণ ফি এত বেশি হওয়ার সঠিক কারণও বলতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার তত্ত্বাবধায়কেরা।
বোদা পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন অভিভাবক জানান, তাঁদের মেয়েদের ফরম পূরণে তিন হাজার ১০০ টাকা নেওয়া হয়েছে। এই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, বোর্ড মানবিক শাখার জন্য এক হাজার ৪৪০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৫৬০ টাকা নির্ধারণ করেছে। তবে তাঁরা মানবিক শাখার ছাত্রীদের কাছ থেকে দুই হাজার এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীদের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা করে নিচ্ছেন। অতিরিক্ত টাকা সেশন চার্জ ও কেন্দ্র ফি হিসেবে নেওয়া হচ্ছে।
এদিকে পঞ্চগড় শহরের আদর্শ মহিলা মাদ্রাসায় নেওয়া হচ্ছে দুই হাজার ৮০০ টাকা। এ ছাড়া দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল উচ্চবিদ্যালয়ে ফরম পূরণের সময় শেষ হওয়ার আগেই ১৬ নভেম্বর থেকে জরিমানা হিসেবে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, বোর্ডের নিয়ম অনুসারে ফরম পূরণের শেষ তারিখ ছিল গতকাল শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত। তার আগে থেকে কেন জরিমানা নেওয়া হচ্ছে? জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের চাপ দিতে কৌশল হিসেবে এটা করা হয়েছে। তবে জরিমানা নেওয়া হচ্ছে না।
জেলা শিক্ষা কর্মকর্তা এফ এ আবদুল জব্বার জানান, যে ফি বোর্ড নির্ধারণ করে, সে হিসেবে প্রধান শিক্ষক ও মাদ্রাসার তত্ত্বাবধায়কেরা তা আদায় করেন। অতিরিক্ত ফি আদায় করে থাকলে সে বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কোনো দায়িত্ব নেই।