ফরম পূরণে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বিক্রমপুর কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ফরম পূরণের সুযোগ চেয়ে কয়েকজন শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্র জানায়, তিন দিন ধরে শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ করছেন। কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ বলেন, ব্যবস্থাপনা কমিটি এবার এইচএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত না মেনে অধ্যক্ষ তিন বিষয়ে অকৃতকার্য ৩৭ জনের মধ্যে ১৪ জনকে গোপনে ফরম পূরণ করতে দেন। বাকি ২৩ জন ফরম পূরণ করতে পারেননি। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষে টঙ্গিবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন বলেন, তদন্ত করে দেখা গেছে, ব্যবস্থাপনা কমিটি তিন বিষয়ে অকৃতকার্যদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটার কোনো লিখিত বিবরণ (রেজ্যুলেশন) নেই। এ সুযোগে হয়তো অধ্যক্ষ তিন বিষয়ে অকৃতকার্য কিছু শিক্ষার্থীকে ফরম পূরণ করতে দিয়েছেন। অধ্যক্ষ নুরল মোমেন বলেন, ‘এ ক্ষেত্রে আমার ব্যক্তিগত আগ্রহ ছিল না।’