নওগাঁর বদলগাছি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের বিদ্যালয়ে অতিরিক্ত পাঠদান করার অজুহাত দেখিয়ে ফরম পূরণের সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
যোগাযোগ করা হলে গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুরেশ সিংহ প্রথম আলোকে বলেন, ‘আমরা এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নিইনি। শিক্ষকেরা অতিরিক্ত পাঠদান করানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিল। সেই টাকা শনিবার (আজ) পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।’
বিদ্যালয়ের অন্তত ১০ থেকে ১২ জন অভিভাবক অভিযোগ করেন, এসএসসির ফরম পূরণে জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৭৫০ টাকা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত পাঠদান করানোর কথা বলে তাঁদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়। অথচ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সব এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলে, ‘আমরা ফরম পূরণের সময় তিন হাজার দুই টাকা দিতে চেয়েছিলাম। শিক্ষকেরা তাতে রাজি হননি। পরে সাঁইত্রিশ শ পঞ্চাশ টাকা দিয়ে ফরম পূরণ করেছি। অন্যান্য বিদ্যালয়ের উদাহরণ দিয়েও কোনো লাভ হয়নি। শিক্ষকেরা বিরাগভাজন হলে পরীক্ষার ক্ষতি হবে ভেবে আমরা প্রতিবাদ করিনি।’
উপজেলা সদরের বদলগাছি লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, তাঁর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য শুধু বোর্ডের নির্ধারিত ফি নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে লেগেছে মাত্র ১ হাজার ৭০০ টাকা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াছির রহমান রহমান বলেন, ‘এসএসসি ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা না নিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। বদলগাছি মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে বলে শুনেছি। তবে কোনো পরীক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেননি।’
বদলগাছি মডেল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও হুসাইন শওকত বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার একটি অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান করানোর জন্য টাকা হয়েছে। তাঁকে ওই অতিরিক্ত টাকা ফেরত দিতে বলেছি। পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।’