ফরম পূরণে বেশি অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, অধ্যক্ষের কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অন্যান্য বছরের তুলনায় এবার ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করায় রোববার সকাল থেকে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ শুরু হয়। এদিন সকালে তাঁরা বিক্ষোভ মিছিল করেন এবং অধ্যক্ষকে বিষয়টি জানান। কিন্তু তাঁতে কোনো কাজ না হওয়ায় গতকাল সোমবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে আবার সমবেত হন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করে কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট অবরোধ চলাকালে পুলিশ এসে তাঁদের ক্যাম্পাসে ঢুকতে অনুরোধ জানায়। এরপর তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন। প্রায় দুই ঘণ্টা ঘেরাও কর্মসূচি পালনের পর কয়েকজন শিক্ষক ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, বিষয়টি কলেজের নিজস্ব। শিক্ষার্থীদের উত্তেজনার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর সম্মান তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য কলেজের ১৫টি বিভাগে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত ফি ধরা হয়েছে। এর মধ্যে বেতন ও সেশন ফি রয়েছে ২ হাজার ৪৫০ টাকা। পরীক্ষার ফি বিভাগ অনুযায়ী ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ইনকোর্স ফি ১০০ টাকা, ব্যবস্থাপনা ফি ১০০ টাকা, কেন্দ্র ফি ৩৫০ টাকা, ব্যবহারিক ফি ২০০ থেকে ৪০০ টাকা ও ব্যবহারিকের জন্য পৃথক কেন্দ্র ফি ১২০ টাকা। এর বাইরে আরও রয়েছে কলেজের মসজিদ নির্মাণের জন্য ১০০ টাকা, শ্রমিককল্যাণের জন্য ১৫ টাকা ও সেমিনার ফি ৫০০ টাকা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, দেশের অন্য কলেজগুলোতে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে ফরম পূরণ করা যাচ্ছে। কিন্তু তাঁদের কলেজে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে; যা এই কলেজে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলে তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। ফি না কমনো পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
কলেজের অধ্যক্ষ নাঈদ মো. শামসুল হুদা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি নিয়মনীতি মেনে এবং শিক্ষক, কলেজ একাডেমিক কাউন্সিল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই ফি নির্ধারণ করা হয়েছে। এর পরেও শিক্ষার্থীরা অতিরিক্ত ফি বললে আমাদের কিছু করার নেই। তবে আমরা আবার বিষয়টি নিয়ে আলোচনা করব।’