ফরিদগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা, নবীনগরে প্রবাসী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবককে গতকাল রোববার প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকা থেকে গতকাল অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তরা এক প্রবাসীকে কুপিয়ে জখম করেছে।

খুন হওয়া যুবকের নাম কাঞ্চন কবিরাজ (২৩)। তিনি ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের আলী কবিরাজের ছেলে। দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তি হলেন নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের রিমন মিয়া (৩০)।

ফরিদগঞ্জে নিহত কাঞ্চনের বাবা আলী কবিরাজ অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে গতকাল সকালে নাশতা খেয়ে মোল্লা মার্কেটের শিব্বির ভূঁইয়ার দোকানে প্যান্ট-শার্ট কিনতে যায়। এই সময় পোশাকের দাম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিব্বির ভূঁইয়া ও এক সাবেক ইউপি সদস্য মনসুর তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা কাঞ্চনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিযে যায়। পরে পুলিশ কাঞ্চনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মনসুর ও শিব্বির ভূঁইয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এখনো এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির বিষয়টি তদন্ত করে দেখছেন। মামলা হলে আসামিদের ধরা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকায় এক যুবকের (২৮) লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল দুপুরে সদর হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে কীভাবে ওই যুবক মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নবীনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মধ্যরাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত দরজা ভেঙে জিনদপুর গ্রামের গোলাম আকবরের ছেলে কুয়েতপ্রবাসী রিমনের ঘরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।