ফরিদগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির ভাতিজিকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম আকবর হোসেন ওরফে রুকু (৪০)। তিনি উপজেলার চরহোগলা গ্রামের মৃত সেকান্তর মিজির ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর হোসেনের সঙ্গে তাঁর বড় ভাই মকবুল আহম্মেদ মিজির দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার বিকেলে চরহোগলা গ্রামের জামে মসজিদ মাঠে মকবুল আহম্মেদ, তাঁর স্ত্রী কহিনুর বেগম, মেয়ে মুক্তাসহ কয়েকজনের সঙ্গে আকবর হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আকবর হোসেন গুরুতর আহত হন।
পরে আকবরের স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আকবরের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে বুধবার রাতে ছয়জনকে আসািম করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মকবুল মিজির মেয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকবর হোসেন ফরিদগঞ্জ বাজারের টিঅ্যান্ডটি এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করতেন। আকবরের মৃত্যুর পর থেকে মকবুল আহম্মেদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এ কারণে এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, মুক্তাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের পর আকবরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।