ফরিদগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার যৌতুকের দাবিতে আয়শা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার এক গৃহবধূর বস্তাবন্দী লাশ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে হামলা আহত আবুবক্কর (২০) নামের এক যুবকের গতকাল মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: খবর পেয়ে গতকাল ভোরে ফরিদগঞ্জ পৌর শহরের দাসপাড়া এলাকার ভাড়া বাসা থেকে আয়শার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর স্বামী রুবেল হাসানকে আটক করা হয়। চার বছর আগে জেলার শাহরাস্তির রুবেলের সঙ্গে সদর উপজেলার রাজরাজেশ্বর গ্রামের আয়শার বিয়ে হয়। রুবেল ব্র্যাকে চাকরির কারণে ফরিদগঞ্জে থাকতেন। আয়শার পরিবারের দাবি, তিন লাখ টাকা যৌতুকের জন্য আয়শাকে শ্বাসরোধে হত্যা করেছেন রুবেল। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আয়শার লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মুন্সিগঞ্জের বিক্রমপুরের হাটখোলা গ্রামের সুমী আক্তারের (২৮) সঙ্গে মতলবের শোভনকর্দী গ্রামের শাহাদাত হোসেনের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস শুরু করেন। ঈদে তাঁরা মতলবের বাড়িতে বেড়াতে যান। ঈদের পরদিন গত রোববার সুমীকে নিয়ে শাহাদাত নৌকায় ঘুরতে যান। ওই দিন থেকেই সুমী নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর এলাকার কানুদী গ্রামসংলগ্ন ধইঞ্চাখেতে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ এসে ওই বস্তা থেকে সুমীর লাশ উদ্ধার করে। শাহাদাত পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চাঁদপুর মডেল থানার ওসি এনায়েত উদ্দিন জানান, এ ঘটনায় সুমীর শ্বশুর বাবুল ও শাশুড়ি মাহমুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মানিকপুর গ্রামের বিলের ধইঞ্চাখেতে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর গলিত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর পরনে কালো রঙের জিনস প্যান্ট, জামা ও মাথায় স্কার্ফ ছিল।
জামালপুর: ঈদের দিন দেওয়ানগঞ্জের খরমা গ্রামের আবদুল মজিদের ছেলে আবুবক্কর কয়েকজন বন্ধু নিয়ে উপজেলার পুল্লাকান্দি সেতুতে ঘোরার জন্য ইজিবাইক স্ট্যান্ডে যান। এ সময় স্থানীয় যুবক রুবেল ও তাঁর বন্ধুদের সঙ্গে ইজিবাইকে ওঠা নিয়ে আবুবক্করের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ও তাঁর বন্ধুরা লাঠি দিয়ে আবুবক্করকে বেধড়ক পেটান। পরে তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার উত্তরা কেয়ার জোন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানে তিনি মারা যান। এ ঘটনায় গতকাল নিহত ব্যক্তির বড় ভাই লাল মিয়া বাদী হয়ে রুবেলসহ ১০ জনের নামে মামলা করেন। এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।