ফরিদগঞ্জে শফিকুরের 'নির্বাচনী মহড়া'য় হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে গতকাল শুক্রবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আড়ালে সাংবাদিক নেতা মুহাম্মদ শফিকুর রহমানের নির্বাচনী মহড়া করার অভিযোগ উঠেছে। কয়েকটি স্থানে তাঁর সমর্থকদের ওপর হামলায় ২০ জন আহত হয়েছেন। তাঁদের অভিযোগ, স্থানীয় সাংসদের সমর্থকেরা হামলায় জড়িত।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল ফরিদগঞ্জের ওয়াপদা মাঠে শোকসভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। সভার প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বেলা পৌনে ১১টার দিকে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ দুই শতাধিক গাড়ির মহড়াসহকারে চাঁদপুর থেকে সভাস্থলে যান। কিন্তু তার আগেই হামলার ঘটনাগুলো ঘটে যায়।

হামলায় আহত হয়েছেন শফিকুরের ছোট ভাই জি এম হাসানও (৪০)। তিনি বলেন, ‘আমরা শোকসভায় উপস্থিত হওয়ার জন্য যখন জড়ো হচ্ছিলাম, তখনই হামলার ঘটনা ঘটে। উপজেলার বালিথুবা ইউনিয়নের বালিথুবা, পাইকপাড়া ইউনিয়নের কড়ইতলি ও আনন্দবাজার, চরদুখিয়া ইউনিয়নের কালীরবাজার, রূপসাইউনিয়নের গৃদকালিন্দিয়া ও তুলাতলি এবং পৌর এলাকার চরকুমিরা এলাকায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব হামলায় কমপক্ষে ২০ জন আহত হন। হামলাকারীরা ২০/২৫টি গাড়ি ভাঙচুর করে।’

জি এম হাসান দাবি করেন, হামলাকারীরা চাঁদপুর-৪ আসনের সাংসদ শামসুল হক ভূঁইয়ার অনুসারী। হামলার নেতৃত্বে ছিলেন সাংসদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগের নেতা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা কারও ওপর কোনো হামলায় জড়িত নই। আমি ঘটনার সময় উপজেলার গল্লাক এলাকায় শোক দিবসের অনুষ্ঠানে ছিলাম।’

সাংসদ শামসুল হক ভূঁইয়া বলেন, ঘটনার সময় তিনি নেতা-কর্মীদের নিয়ে গুপটি ইউনিয়নে একটি ‘মা’ সমাবেশে ছিলেন। সভায় জেলা পুলিশ সুপার শামসুন্নাহারও অতিথি হিসেবে ছিলেন। সাংসদ অভিযোগ করেন, শোক দিবসের অনুষ্ঠানের আড়ালে সাংবাদিক নেতা শফিকুর তাঁর নির্বাচনী এলাকায় মহড়া করে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

শোকসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মাহফুজুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা আজও দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’ হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিনয় ভূষণ মজুমদার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী জসিম উদ্দিন পাটওয়ারী। বক্তারা আগামী সংসদ নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংবাদিক শফিকুরের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।