ফরিদপুর ও খুলনায় দুজনকে হত্যা
ফরিদপুর সদর উপজেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় জিয়া মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার খুলনা নগরের দৌলতপুর থেকে অজ্ঞাতপরিচয় তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া মোল্লার বাড়ি উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা জিয়া মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়া মাতুব্বর। তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল দুপুরে খুলনার দৌলতপুর থানার পুলিশ এলাকার একটি মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয় তরুণের মস্তকবিহীন লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।