ফরিদপুর ও বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর উচ্চবিদ্যালয়ের একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, বিজ্ঞান বিভাগে তাঁর ছেলের ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
শহরের মহিম ইনস্টিটিউশনের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, তাঁর ছেলের ফরম পূরণের জন্য প্রথমে ৩ হাজার ৫০০ এবং পরে ৪ হাজার ৫০০ টাকা দাবি করা হয়েছে। ফরিদপুর পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবকও একই অভিযোগ করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল মণ্ডল বলেন, শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৮৮৫ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৬৯৫ টাকা ধার্য করেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ফরিদপুরের কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সঙ্গে দেখা করে বিভিন্ন বিদ্যালয়ে ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) এরাদুল হক বুধবার ফরিদপুর উচ্চবিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়সহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
এরাদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়কে বোর্ডের নির্ধারিত ফি নিতে বলেছি। ইতিমধ্যে যাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে, তা রসিদসহ ফেরত দিয়ে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।’
ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা ফরম পূরণের সময় পাঁচ-ছয়জন শিক্ষার্থীর কাছ থেকে বেশি টাকা নিয়েছিলাম। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর বাড়তি টাকা ফেরত দিয়েছি। আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না।’
এদিকে ৭ নভেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে মানবিকে ১ হাজার ৬৯৫, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৬৯৫ ও বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭৮৫ টাকা ফি নির্ধারণ করা হয়।
গৌরনদী উপজেলার বাকাই গ্রামের অভিভাবক মো. মজিবুর রহমান বলেন, তাঁর ছেলে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করে। তার ফরম পূরণে ৩ হাজার ৮০০ টাকা আদায় করা হয়েছে। একই অভিযোগ করেন মেদাকুল উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক মো. জলিল মিয়া ও রাবেয়া বেগম। বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র ও মেদাকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য রতন সরকার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন।
চন্দ্রহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক আধুনা গ্রামের বাবুল হাওলাদার, আদম আলী শিকদার অভিযোগ করেন, তাঁদের সন্তানদের ফরম পূরণে ৩ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রী বলে, তাদের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হয়েছে। তবে অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ বলেন, ‘অতিরিক্ত পাঠদান বাবদ আমরা কিছু টাকা বেশি নিচ্ছি।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।