ফরিদপুর ও ঝিনাইদহে গৃহবধূ ও তরুণকে হত্যা
ফরিদপুরে খাবার পরিবেশনের সময় সালাদ না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার ননদের স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। ঝিনাইদহ শহরে দুর্বৃত্তদের হামলায় আহত প্রদীপ কুমার দাস নামের এক তরুণ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা গেছেন।
সোমবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের আবদুল মজিদ খাঁর ডাঙ্গি গ্রামে খালেদা আক্তার (৩৫) নামের ওই গৃহবধূ খুন হন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ওই গ্রামের নজরুল ইসলাম তাঁর বাড়িতে ছেলের বিয়ের খাবারের আয়োজন করেন। সেখানে অতিথিদের খাবার পরিবেশন করছিলেন বিল্লাল হোসেন (৪০)। খাবার পরিবেশনের সময় তিনি সবাইকে সালাদ দিলেও তাঁর সম্বন্ধীর স্ত্রীকে সালাদ দেননি। এ নিয়ে অভিমান করে খালেদা খাবার না খেয়েই বাড়ি ফিরে আসেন।
সন্ধ্যায় বাড়িতে ডেকে নিয়ে শাশুড়ি রিজিয়া বেগম (৬০) বিল্লালকে বকা দেন। এতে বিল্লাল উত্তেজিত হয়ে খালেদার মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খালেদা মারা যান।
এ ব্যাপারে নিহত খালেদার ভাই এরশাদ ব্যাপারী বাদী হয়ে সোমবার রাতেই থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার জানান, পুলিশ এজাহারভুক্ত আসামি রিজিয়া বেগম ও দেবর মিজান ব্যাপারীর স্ত্রী পলি আক্তারকে (২৫) গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তবে মূল আসামি একই ইউনিয়নের লোহারটেক গ্রামের বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।
এদিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় প্রদীপ কুমার দাসকে (২৭) কুপিয়ে আহত করার চার দিন দিন পর গতকাল ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত প্রদীপ শহরের কৃষ্ণপাড়ার ভরত কুমারের ছেলে। তিনি সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দলিল উদ্দীনের ছেলে আলম হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে প্রদীপ কুমার আদর্শপাড়ার রফির মিলের কাছে একটি দোকানে কেনাকাটা করছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তাঁকে কিছুদূর নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন আজাদ জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির মা সাথী রানী দাস বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।