ফরিদপুর ও পিরোজপুরে নারীসহ দুজনকে হত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে ৬২ বছরের এক নারীকে ও পিরোজপুরের কাউখালী উপজেলায় এক ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বোয়ালমারী উপজেলায় নিহত নারীর নাম সানোয়ারা বেগম। পুলিশ গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে নিজ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সানোয়ারা উপজেলার রামনগর গ্রামের শেখ ধলা মিয়ার স্ত্রী। পুলিশের ধারণা, সানোয়ারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সানোয়ারার স্বামী ধলা মিয়া প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিকেলে তিনি পাশের সৈয়দপুর বাজারে যান। সেখান থেকে রাত ১০টার দিকে ফিরে স্ত্রীকে বাড়িতে পাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছেন।
সানোয়ারার ছেলে মজনু শেখ বলেন, তাঁর এক বোন শ্বশুরবাড়ি থেকে গত বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আসার পর ঘরের পাশে খড়ের গাদার নিচে রক্তমাখা কাঁথা দেখতে পান। পরে তাঁরা সন্দেহের বশে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে সেখানে তাঁর মায়ের লাশ দেখতে পান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কোবায়েদ হোসেন গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে কাউখালী উপজেলায় নিখোঁজের এক দিন পর ইয়াসিন হাওলাদার (৩৫) নামের ওই ফেরিওয়ালার লাশ গতকাল সকালে উপজেলার বৌলাকান্দা গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। ইয়াসিনের বাড়ি উপজেলার আইরন গ্রামে।
ইয়াসিনের ভাই তরিকুল ইসলাম বলেন, গত বুধবার রাতে ইয়াসিন বাড়ি থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে পাশের বৌলাকান্দা গ্রামের সড়কের পাশের ডোবায় ইয়াসিনের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইয়াসিনের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।