ফরিদপুর ও যশোরে দুজনের লাশ উদ্ধার
যশোর সদর উপজেলার সিঙ্গিয়া এলাকার রেললাইন থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা (১৮) এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় আল-আমিন খান (১৮) নামের আরেক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, রেললাইনের পাশে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের ডান হাত কাটা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি ট্রেনে কাটা পড়ার ঘটনা নাকি খুন বোঝা যাচ্ছে না।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার ধুতরাহাটি গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আল-আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিন বছর আগে বাবার মৃত্যুর পর মা ফুলজান বেগম আল-আমিনকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের বিক্রমপুরে একটি চাতালে কাজ নেন।
আল-আমিনের চাচা সরোয়ার খান বলেন, ১৫ দিন আগে ফুলজান বেগম গ্রামে আসেন। পাঁচ দিন আগে তিনি ভাই আক্কাস মাতুব্বরের ধুতরাহাটির গ্রামের বাড়িতে যান। গত বুধবার মুন্সিগঞ্জ থেকে বাড়িতে এসে রাতেই আল-আমিন মামাবাড়ি চলে যান। আক্কাস মাতুব্বর বলেন, আল-আমিন বুধবার বিকেলে বাড়িতে আসেন। রাতে তিনি খাবার খেয়ে বাইরে যান। এরপর আর ফেরেননি। পরদিন গাছে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। পরে বিকেলে নগরকান্দা থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।