ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলে তিনটি লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় গতকাল সোমবার মর্জিনা বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ফরিদপুরের সদরপুর উপজেলায় গত রোববার কেয়া মনি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গোপালগঞ্জে খাল থেকে আবুল বাসার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মর্জিনা ও তাঁর স্বামী শাকিল তিন মাস ধরে লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা গোপীনাথপুরের খলিল শেখের বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তাঁরা লক্ষ্মীপাশায় রেস্তোরাঁয় কাজ করতেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মর্জিনার লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মর্জিনা শেরপুরের শ্রীবর্দী থানার চরশিমুলচরা গ্রামের মজিবর রহমানের মেয়ে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র পাল বলেন, মর্জিনার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে সাত-আটটি কোপের চিহ্ন রয়েছে। তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফরিদপুরের সদরপুর থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কেয়া মনি উপজেলার ঢেউখালী ইউনিয়নের সৌদিপ্রবাসী ফরিদ মাতুব্বরের মেয়ে। সে রোববার বিকেলে বাবুরচর বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরে। সন্ধ্যায় বাড়ির একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসাবাড়ি নামক স্থানে খাল থেকে আবুল বাসার মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। আবুল বাসার মোল্লা গোপালগঞ্জ সদরের পাইককান্দি ইউনিয়নের ট্যানট্যানিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আবুল বাসার মোল্লার শ্বশুরবাড়ি একই উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে। গত শুক্রবার তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে পাশের গোপীনাথপুর বাজারে যান। রাতেই তাঁর শ্বশুরবাড়ি ফেরার কথা ছিল। ওই রাতে তিনি আর শ্বশুরবাড়ি ফিরে যাননি।
রোববার বিকেলে গোপীনাথপুর বাসাবািড় খাল থেকে আবুল বাসার মোল্লার মৃতদেহ উদ্ধার করা হয়। আবুল বাসারের ভাই আবুল কাশেম বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে তার স্ত্রী তাসলিমার মনোমালিন্য চলছিল। আমাদের ধারণা এ জন্যই আবুল বাসারকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়।’ অভিযোগ অস্বীকার করে তাসলিমা বলেন, ‘আমার স্বামী চোখে কম দেখত। সম্প্রতি তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। খালের ওপরের বাঁশের সাঁকো পার হওয়ার সময় তিনি পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন।’