ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় চার ব্যক্তি খুন
ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলায় গতকাল বুধবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একই দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জ্বালানি কাঠ শুকানো নিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: মধুখালীর কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, গত সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন জেলে মধুমতি নদীর গয়েশপুর-বকশীপুর সরকারি জলমহালে মাছ ধরতে যান। এ সময় পাশের মাগুরা জেলার জেলেরা তাঁদের ওপর হামলা চালান। ওই ঘটনার পর থেকে গয়েশপুরের জেলে আক্কাস শেখ (৪৫) নিখোঁজ ছিলেন। গতকাল বেলা দুইটার দিকে গয়েশপুর এলাকায় মধুমতি নদীতে আক্কাসের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আক্কাস শেখ গয়েশপুরের আছমত শেখের ছেলে।
সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ছোনমানশাহ গ্রামের ইয়াছিন মাতুব্বরের (৪৫) লাশ গতকাল সকালে পাশের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া এলাকার বাবুবাড়ি সেতুর দক্ষিণ পাশের ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। ইয়াছিন ছোনমানশাহ গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।
চুয়াডাঙ্গা: জ্বালানি কাঠ শুকানো নিয়ে গতকাল দুপুরে উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের কলম উদ্দিনের ছেলে লিটন হোসেনের (২৫) সঙ্গে একই গ্রামের আবু হানিফের ছেলে মানিকের ঝগড়া হয়। একপর্যায়ে মানিক তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে লিটনের গলায় কোপ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া: উপজেলার হৃদয়পুর গ্রামসংলগ্ন গাছিরদাইড় গ্রামের মুকুল হোসেনের ছেলে উজ্জল (২০) গত ২৯ নভেম্বর নিখোঁজ হন। গত মঙ্গলবার সন্ধ্যায় হৃদয়পুর গ্রামের হবিবর রহমানের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই সেপটিক ট্যাংক থেকে একটি লাশ উদ্ধার করে। পরে উজ্জলের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিস বিন হাসান বলেন, দুর্বৃত্তরা উজ্জলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ওই সেপটিক ট্যাংকে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।