ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্পাদককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জিকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় সংগঠনবিরোধী কার্যকলাপ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ১৭ এর ক, খ এবং গ ধারা অনুযায়ী সত্যজিৎ মুখার্জিকে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কারের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে সত্যজিৎ মুখার্জি দাবি করেন, জেলা কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের ক্ষমতা জেলা কমিটির নেই।
এর আগে সত্যজিৎ মুখার্জিকে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এপিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফোয়াদকে। ফোয়াদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিয়োগপত্র পেয়েছেন।
এ প্রসঙ্গে সত্যজিৎ বলেন, ‘কী অভিযোগে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি জানি না। আমার বিরুদ্ধে কী অভিযোগ তা মন্ত্রী আমাকে বলেনি। আমার জানামতে আমি মন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি বা অন্যায় কিছু করিনি।’