ফরিদপুর বিএনপির সভাপতির কাছে চাঁদা চেয়ে হুমকি
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের কাছে কয়েক দফায় চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।
সর্বশেষ গত সোমবার রাতে মুঠোফোনে ফোন করে জহিরুলের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে তাঁকে পেট্রলবোমা মারার ও তাঁর স্ত্রীকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে।
জহিরুল হক জানিয়েছেন, সোমবার বেলা একটার দিকে ০১৮৪৫৭৩৫০৬৫ নম্বর থেকে তাঁর মুঠোফোন নম্বরে একটি খুদে বার্তা আসে। বার্তায় সন্ত্রাসী জিসান বাহিনীর নাম দিয়ে চাঁদার টাকা পাঠাতে বলা হয়। চাঁদা না দেওয়া হলে গাড়িতে চড়ে যাওয়ার পথে তাঁকে পেট্রলবোমা মারার হুমকি দেওয়া হয়। তবে ওই বার্তায় চাঁদার পরিমাণ উল্লেখ করা হয়নি। ওই দিন রাত নয়টায় একই নম্বর থেকে জিসান পরিচয়ে এক ব্যক্তি ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দেওয়া না হলে তাঁর (জহিরুল) স্ত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়।
জহিরুল হক আরও জানান, চার দিন ধরে তাঁর কাছে এভাবে চাঁদা চাওয়া হচ্ছে। তবে প্রথম দিকে বিষয়টি তিনি হালকাভাবে নেন। সোমবার খুদে বার্তা পাওয়ার পর তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।