ফরিদপুর মেডিকেলের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাংগীর চৌধুরী ও কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক গণপতি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর মেডিকেল কলেজের ১৬৬টি যন্ত্রপাতি ডিপিপির মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয়/সংগ্রহ করায় পিপিএ, ২০০৬ ও পিপিআর, ২০০৮ লঙ্ঘিত হয়েছে এবং এতে আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে। এ ধরনের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ ও পিপিআর সংশ্লিষ্ট বিধিসমূহ লঙ্ঘনের বিষয়সহ এ–সংক্রান্ত অন্যান্য বিষয়ের অনিয়ম, তদন্তে প্রমাণিত হওয়ায় বিএসআর পার্ট-১–এর বিধি ৭৩ মোতাবেক দুই চিকিৎসক অধ্যক্ষ আ স ম জাহাংগীর চৌধুরী ও সহযোগী অধ্যাপক গণপতি বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ গতকাল (১২ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ওই সময় আ স ম জাহাংগীর চৌধুরী ফরিদপুর মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (পিডি) ও গণপতি বিশ্বাস ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে আ স ম জাহাংগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি পিডি হিসেবে দায়িত্ব পালনকালে ২৫০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করতে দায়িত্ব পালন করেছি। মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের ব্যাপারে জ্ঞানত কোনো দুর্নীতি করিনি। আমি বরখাস্তের নির্দেশনা–সংবলিত কোনো চিঠি আজ বুধবার পর্যন্ত হাতে পাইনি। নির্দেশনা হাতে পাওয়ার পর আমি বিধি মোতাবেক উদ্যোগ গ্রহণ করব।’
এ বিষয়ে গণপতি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি স্বাস্থ্যসচিবের প্রজ্ঞাপন সম্পর্কে জেনেছি। ওই সময়কালে আমি এমন কোনো কাজ করিনি, যার জন্য আমার বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’
২০১২-১৩ অর্থবছরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে প্রায় সাড়ে চার শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ১৫০ কোটি টাকা মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ ছিল। বাকি টাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ করা হয়।