ফরিদপুর শহরে ও ভাঙ্গায় ডাকাতি
ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার খোদাবক্স সড়কের ভুসিমাল ব্যবসায়ী মিতুল কুমার সাহার এবং ভাঙ্গা পৌর এলাকায় সৌদিপ্রবাসী মিলন খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির এ ঘটনা দুটি ঘটে।
দুটি বাড়ি থেকে ডাকাতেরা ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার, চার লক্ষাধিক টাকা, ল্যাপটপ, মুঠোফোনসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার খোদাবক্স সড়কের ভুসিমাল ব্যবসায়ী মিতুল কুমার সাহার বাড়িতে ছয়-সাতজন ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকদের জিম্মি করে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা, ৩টি মুঠোফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এদিকে ভাঙ্গা পৌরসভার কাজী শামসুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়সংলগ্ন সৌদিপ্রবাসী মিলন খানের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতি হয়। মিলন খান ১৫ দিন আগে ছুটি নিয়ে বাড়ি এসেছেন।
মিলন খান বলেন, ১২-১৩ জনের ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ৬ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা, ১টি ল্যাপটপ, মুঠোফোনের ২টি সেট, ২টি ঘড়ি ও ১টি টর্চ লাইট নিয়ে যায়।