ফরিদপুর শহরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরে দুজন পরিচ্ছন্নতাকর্মীকে (সুইপার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার একটি সড়কে তাঁদের মৃতদেহ পড়ে ছিল। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত দুজন হলেন মানিক জমাদার (২৮) ও তাঁর শ্যালক ভরত জমাদার (২২)। মানিক ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লির বাসিন্দা কিশোর জমাদারের ছেলে। ভরত নাটোরের চৌকিরপাড় সুইপার কলোনির সন্তোষ জমাদারের ছেলে। মানিক জমাদার ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী বলে প্রথম আলোকে নিশ্চিত করেন পৌরসভার পরিদর্শক মো. লুৎফর।
স্থানীয় বাসিন্দা আবদুল আওয়াল মিয়া বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে তিনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়ক ও আবদুল আলী সংযোগ সড়কের ওপর দুটি মৃতদেহ পাশাপাশি পড়ে থাকতে দেখেন। পাশেই পড়ে ছিল দুটি ঝাঁটা। পরে মানিকের বাবা কিশোর জমাদার ঘটনাস্থলে এসে দুজনের লাশ শনাক্ত করেন।
কিশোর জমাদার বলেন, নিহত ভরত সম্পর্কে নিহত মানিকের শ্যালক। ভরত নাটোরের পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বুধবার ছোট বোনের বাড়িতে বেড়াতে আসেন। ফরিদপুরে এলেই তিনি দুলাভাই মানিকের কাজে সাহায্য করতেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুজন রাস্তা ঝাড়ু দিতে বের হন। ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁদের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।
কিশোর জমাদার আরও বলেন, গভীর রাতে ওই এলাকায় গিয়ে কাজ না করতে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী মানিককে শাসিয়ে গিয়েছিল। তাঁর ধারণা, ওই লোকেরাই এই খুনের সঙ্গে জড়িত।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গফফার বলেন, মানিক ও ভরতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অস্ত্রের আঘাতে দুজনেরই মুখমণ্ডল ক্ষতবিক্ষত হওয়ায় চেনার উপায় নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খুনের ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেন স্থানীয় হরিজন সম্প্রদায়ের সদস্যরা। তাঁরা সকাল সাতটার দিকে শহরের আলীপুর মহল্লায় হরিজনদের আবাসস্থল বান্ধবপল্লির সামনে মুজিব সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কটি বন্ধ করে দেন।
সকাল পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে আসেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী। তিনি বুঝিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। পরে মেয়রের নেতৃত্বে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুনিদের গ্রেপ্তারে পৌর মেয়র প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফরিদপুর হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন জমাদার প্রথম আলোকে বলেন, মানিক বা ভরতের কোনো শত্রু ছিল না। কেন তাঁদের এমন নৃশংসভাবে হত্যা করা হলো, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই দিন জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে এবং কর্মবিরতিসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।