ফরিদপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল ধার্য
ফরিদপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিরুদ্ধে গ্রাহকদের গত জুন মাসের বিদ্যুৎ বিলে অতিরিক্ত টাকা ধরার অভিযোগ পাওয়া গেছে। শহরের পশ্চিম খাবাসপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের পশ্চিম খাবাসপুর এলাকার গ্রাহক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম জুন মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন। নিয়ম অনুযায়ী তাঁর বিল আসার কথা প্রথম ৭৫ ইউনিটের জন্য ৩ দশমিক ৫৩ টাকা হারে ২৬৪ দশমিক ৭৫ টাকা। পরবর্তী ১২৫ ইউনিটের ক্ষেত্রে ৫ দশমিক শূন্য ১ টাকা হারে ৬২৬ দশমিক ২৫ টাকাসহ সর্বমোট ৮৯১ টাকা। কিন্তু এর সঙ্গে বাড়তি ১০৩ দশমিক ৮০ টাকা বেশি করে মোট বিল ৯৯৪ দশমিক ৮০ টাকা দেখিয়ে তাঁর সঙ্গে ভ্যাটের টাকা যুক্ত করা হয়েছে।
একই ঘটনা ঘটেছে ওই এলাকার বাসিন্দা সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদ মল্লিকের ক্ষেত্রেও। জুন মাসে তিনি ৩০০ ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন। তাঁর নির্দিষ্ট টাকার চেয়ে ১৬২ টাকা বেশি দেখানো হয়েছে।গ্রাহক নূরুল ইসলাম বলেন, তিনি শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের বিল বিভাগে গিয়ে এ বিষয়ের ব্যাখ্যা চাইলে তাঁকে বলা হয়, প্রতি বিলে খরচ করা বিদ্যুৎ ইউনিটের সঙ্গে ১ দশমিক ১ পরিমাণ গুণ করে বিল করা হয়েছে। এ জন্য যে গ্রাহক ২০০ ইউনিট ব্যয় করেছেন, তাঁর বিল করা হয়েছে ২২০ ইউনিটের, ৩০০ ইউনিটের ক্ষেত্রে বিল করা হয়েছে ৩৩০ ইউনিটের। তবে বিল বিভাগ কেন প্রতি বিল বাবদ ১ দশমিক ১ পরিমাণ বেশি ধরেছে, তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
ওজোপাডিকো ফরিদপুর কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী ভবেশ দাস বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে বিল বেশি নেওয়ার ব্যাপারে এই কার্যালয়ের কোনো স্বার্থ নেই। কেননা, বিলসংক্রান্ত সবকিছুই কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হয়।’