ফরিদপুরে অভিনব পন্থায় গরু চুরির অভিযোগ
ফরিদপুরে অভিনব পন্থায় গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। রাতে বিভিন্ন গ্রামে পিকআপ নিয়ে গৃহস্থের গরু চুরি করা হচ্ছে এবং সকালের আগে তা জবাই করে মাংস বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও হাটবাজারে বিক্রি করা হচ্ছে।
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ অভিযোগ করেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
শামসুল আলম অভিযোগ করেন, রাতে বিভিন্ন গ্রামে ছোট ছোট পিকআপ নিয়ে গরুগুলো চুরি করা হচ্ছে। পিকআপটি গ্রামের মধ্যেই আড়াল-আবডালে কোথাও রেখে আধঘণ্টার মধ্যে গৃহস্থ বাড়ির গরু চুরি করে ওই পিকআপে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, সাধারণত বৃহস্পতিবার রাতে এ জাতীয় ঘটনাগুলো বেশি ঘটছে। তিনি আরও বলেন, ওই পিকআপে ছুরি, চাপাতিসহ গরু জবাই করার সব আয়োজনই থাকে। পথে কেউ চ্যালেঞ্জ করলে বলা হয়, ‘বিয়েবাড়িতে গরুর মাংস সরবরাহ করতে যাচ্ছি।’ এভাবে রাতের মধ্যেই চোরাই গরুগুলো জবাই করা হচ্ছে এবং সকাল হওয়ার আগেই তার কোনো আলামত পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, সম্প্রতি ফরিদপুর সদরে এ জাতীয় কয়েকটি অভিযোগ তিনি পেয়েছেন।
ফরিদপুর অঞ্চলে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান সাধারণত শুক্রবার হয়ে থাকে সাপ্তাহিক ছুটির দিনের সুবিধার জন্য।
ওই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন ওরফে বাবর। তিনি বলেন, ‘রাত আটটার পর কোনো ট্রাক বা পিকআপে গরু পরিবহন নিষিদ্ধ করা প্রয়োজন।’ তিনি এ ব্যাপারে ওই সভায় উপস্থিত ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফার দৃষ্টি আকর্ষণ করেন।
গোলাম মোস্তফা বলেন, আগে পুলিশ রাতে সড়ক ও মহাসড়কে গরুবোঝাই ট্রাক ও পিকআপ চেক করত। কিন্তু এ নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠায় বর্তমানে তা করা হচ্ছে না।