ফরিদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা বিএনপির এক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বেথুয়াপাড়া সড়কের নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বিএনপি নেতার নাম বেলায়েত হোসেন মোল্লা (৩৭)। জেলা বিএনপির সভাপতি জহিরুল হক বলেন, বেলায়েত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর) আমিনুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলায়েতকে নিজ বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ আবু বক্কর বলেন, পাঁচ দিনের রিমান্ড চেয়ে বেলায়েত হোসেনকে গতকাল বুধবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত রিমান্ডের তারিখ ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন।