সাপে কাটা এক স্কুলছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নেওয়া হচ্ছিল, কিন্তু পথে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে ছিনতাকারীর দল। এতে দেরি হয়। হাসপাতালে নেওয়ার আগেই হিরা আক্তার নামের ওই ছাত্রী মারা যায়।
গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে টেপাখোলা-সদরপুর আঞ্চলিক সড়কে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের লেংড়ার মোড় এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
হিরা আক্তার (১৬) সদরপুর উপজেলার মটুকচর গ্রামের আবদুল মান্নান মিয়ার মেয়ে। সে সদরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
হিরার বাবা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে হিরাকে শনিবার রাত ১২টার দিকে বসতঘরে সাপে দংশন করে। প্রথমে তাকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তাঁরা জাকের মঞ্জিল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর আসছিলেন। রাত দুইটার দিকে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ৩টি মুঠোফোন নিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সেই হিরার মৃত্যু হয়।