ফরিদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. তেহারদ্দীন মাতুব্বরকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে পাশের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনোকদিয়া এলাকায় তাঁর ওপর এ হামলা হয়।
নিহত মো. তেহারদ্দীন মাতুব্বর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত ফেলু মাতুব্বরের ছেলে। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট ভাই নবনির্বাচিত ইউপি সদস্য মো. সাহিদ মাতুব্বর (৫৫) আহত হন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফিরোজ খানের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে শাকপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে তেহারদ্দীন মাতুব্বর ও তার ছোট ভাই সাহিদ মাতুব্বর অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিনোকদিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি নামক স্থানে এলে পাঁচ/ছয়জন দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি ভাবে কোপায়। এতে তেহারদ্দীন ঘটনাস্থলে নিহত ও তার ভাই সাহিদ মাতুব্বর আহত হন। আহত সাহিদ মাতুব্বরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফছার উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া বলেন, নিহত তেহারদ্দীন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গট্টি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
উল্লেখ্য, তালমায় ওই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। নিহত তেহারদ্দীন মাতুব্বর উপনেতার নিজ ইউনিয়নের বাসিন্দা। শনিবার সকালে সৈয়দা সাজেদা চৌধুরী ও তার বড় ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী নিহত তেহারদ্দীন মাতুব্বরের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।