ফরিদপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ইসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ফরিদপুর শহরের বাসায় বসবাস করেন। তাঁর সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বিরোধ চলে আসছে।
জানতে চাইলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলার সালথা বাজারে বিপণিবিতান নির্মাণের জন্য আমার পরিবারের একটি ব্যাংকঋণ নেওয়া আছে। আমার ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যাংক কর্মকর্তাকে জায়গা দেখাতে সালথা বাজারে নিয়ে যান। একপর্যায়ে আমার প্রতিপক্ষ ওয়াহিদুজ্জামনের একদল অনুসারী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলার চেষ্টা করে। আনোয়ার কৌশলে পালিয়ে প্রাণে বাঁচেন। পরে সশস্ত্র দলটি বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালায়।’
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের ওই গ্রামের বাড়িতে তাঁর এক বোন ও রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) থাকেন। রামদাসহ লাঠিসোঁটা নিয়ে দলটি পৌঁছার আগে খবর পেয়ে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান। হামলাকারী ব্যক্তিরা তাঁদের টিনশেড ঘরের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ ছাড়া বাড়ির আসবাব ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াহিদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, দেলোয়ার হোসেনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন কিছু ঢিল ছুড়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।