ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়ি ভাঙচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িঘর এবং ২৫টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়বর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সঙ্গে একই এলাকার বাসিন্দা শেখর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের বিরোধ চলে আসছিল।
শেখর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য উষাকান্ত চাপখন্ড বিলে তাঁর জায়গায় এক বছর ভেসাল (মাছ ধরার ফাঁদ) দিয়ে মাছ শিকারের জন্য ১ লাখ ১০ হাজার টাকায় একই গ্রামের কবির খাঁর কাছে ইজারা দেন। কবির খাঁ আবুল কালাম আজাদের সমর্থক।
গত সোমবার সকালে আবুল খায়েরের সমর্থক হাফিজ কারিকর ওই জমিতে জোরপূর্বক আরেকটি ভেসাল পাততে যান। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কবির খাঁর বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠক শেষে কালামের দুই সমর্থক দুর্গাপর গ্রামের হান্নান শিকদার ও ইলিয়াসকে বাড়ি ফেরার সময় মারধর করে আবুল খায়েরের সমর্থকেরা।
এ ঘটনার জেরে গতকাল সকালে দেশীয় অস্ত্র নিয়ে কালামের একদল সমর্থক রায়বর গ্রামে খায়েরের বাড়িতে ভাঙচুর করে। পরে আবুল খায়েরের সমর্থকেরা কালামের সমর্থকদের কমপক্ষে ১০টি বাড়ি ও পাশের দোলভিটা বাজারের ২৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে কালামের সমর্থক লাবু শেখ (৩৫) ও শাহাদতকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খায়েরের পক্ষের মো. আনিচ শেখ (২৫) ও কালাম শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক গতকাল বিকেলে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।