ফরিদপুরে আইনজীবীকে কুপিয়ে জখম
ফরিদপুরে এক আইনজীবীকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঝিলটুলীর অনাথের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আইনজীবীর নাম নিউটন চৌধুরী (৩১)। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মোস্তফাপুর গ্রামে।
নিউটন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম আলোকে বলেন, ফরিদপুর জজ কোর্টের কাজ শেষে তিনি রিকশায় করে ঝিলটুলীর বাসায় যাচ্ছিলেন। পথে অনাথের মোড় এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত রিকশাটির গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, ওই আইনজীবী দুই হাত ও এক পায়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।