ফরিদপুরে এক বাড়িতে ডাকাতি, সোনা, টাকা লুট
ফরিদপুর শহরের একটি বাড়িতে ঢুকে লোকজনকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে ডাকাতেরা। গত রোববার রাত তিনটার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় এ ঘটনা ঘটে।
মহল্লার মোল্লাবাড়ি ক্রস রিং সড়কের বাড়িটির মালিক সুনীল কুমার ঘোষ। তাঁর ছেলে শশাঙ্ক ঘোষ বলেন, তাঁর বড় ভাই সজল ঘোষ ও ভাবি মৌসুমি ঘোষ রোববার যশোরে গিয়েছিলেন। রাত পৌনে তিনটার দিকে তাঁরা ফরিদপুর ফেরেন। শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে তাঁরা বাড়ির ফটকের সামনে আসেন। আসামাত্রই সেখানে ওত পেতে থাকা পাঁচ ডাকাত সজল ও মৌসুমিকে পিটিয়ে আহত করে। এরপর তাঁদের দিয়ে বাবা সুনীল কুমারকে ডাকায়। তিনি ঘরের দরজা খোলামাত্র ওই ব্যক্তিরা বাড়িতে ঢুকে পড়ে। এরপর সবাইকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তারা ২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৬২ হাজার টাকা নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।