ফরিদপুরে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি
ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। গত সোমবার রাতের কোনো একসময় ওই পাঁচটি কবর খুঁড়ে এ কঙ্কালগুলো চুরি হয়।
কবরস্থানসংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম বলেন, সকালে কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোঁড়া দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাম্মৎ জয়গুন বেগম বলেন, এলাকাবাসী তাঁকে জানিয়েছেন মতিনুর রহমান, আলমাস মোল্লা, ইসমাইল শেখ, জরিনা বেগম ও লাভলু মোল্লার কবর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল বলেন, যে কবরগুলো থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, এগুলো দুই থেকে তিন বছরের পুরোনো। তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।