ফরিদপুরে কলেজ থেকে ১৭টি ল্যাপটপ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোনো একসময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকায় অবস্থিত ওই কলেজে এ ঘটনা ঘটে।
২০১১ সালে ৯ একর ৪০ শতাংশ জমির ওপর একই ক্যাম্পাসে আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ ও আয়শা সামি কলেজ স্থাপিত হয়। দেড় বছর আগে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজকে ওই ১৭টি ল্যাপটপ দেওয়া হয়। ওই ল্যাপটপ দিয়ে ওই কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করা হয়।
আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইসাহাক হোসেন বলেন, চোরেরা কলেজ ভবনের পেছনের দিক থেকে পানির পাইপ বেয়ে ওপরে উঠে ল্যাবের তালা ভেঙে ওই ১৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, গতকাল শনিবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজে এসে প্রথমে চুরির বিষয়টি জানতে পারেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।