ফরিদপুরে কারারক্ষীকে দুর্বৃত্তদের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আজ বুধবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে থাকা এক কারারক্ষীকে পেছন দিক দিয়ে ক্ষুর মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ তথ্য জানান। এ সময় তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কারাগারে থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন।

আইজি প্রিজন বলেন, দুই কারারক্ষী ফরিদপুর কেন্দ্রীয় কারাগার থেকে মোটরসাইকেলে করে ডাকঘরের দিকে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে দুর্বৃত্তরা পেছন থেকে ক্ষুর ছুড়লে এক কারারক্ষী আহত হন। তাঁর নাম আসাদুজ্জামান।

আইজি প্রিজন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী সদস্যদের ওপর হামলা হচ্ছে। আজকের ঘটনার পর তিনি নির্দেশ দেন, কারাগারের বাইরে কোনো কাজ থাকলে ইউনিফরম না পরে সাদা পোশাকে কাজে যেতে। তিনি জানান, কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে আইজি-প্রিজন বলেন, আজ ভোরে কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবির উপস্থিত ছিলেন।