ফরিদপুরে কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর আদালত থেকে সেফ হোমে নেওয়ার সময় এক কিশোরীকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশ অপহরণ-চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে দুই তরুণকে আটক করেছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের টেপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, শহরের পূর্ব খাবাসপুর মহল্লায় বড় বোনের সঙ্গে একটি বাড়িতে থেকে পড়াশোনা করে আসছে ১৪ বছর বয়সী ওই কিশোরী। তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলায়। ২০১৬ সালের ৩১ জুলাই কিশোরীটি গ্রামের বাড়ি থেকে ভাঙ্গা বাজারে বই কিনতে এসে অপহৃত হয়। এ ঘটনায় ওই দিন কিশোরীর বাবা বাদী হয়ে শহরের পূর্ব খাবাসপুরের কাজল শেখসহ (২৪) চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। গত ৩ এপ্রিল ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে আদালতের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের সেফ হোমে পাঠায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির মিয়া বলেন, চার থেকে পাঁচজন অপহরণকারী শহরের টেপাখোলা এলাকায় একটি অটোরিকশা থেকে সেফ হোমের এক পুলিশ ও এক আনসার সদস্যের কাছ থেকে এক কিশোরীকে অপহরণের চেষ্টা চালায়। পরে পুলিশ অপহরণকারীদের কাছ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে এবং রিয়াজ ও পলাশ নামে ১৮ থেকে ১৯ বছর বয়সী দুই তরুণকে আটক করে। আটক দুজনের বাড়ি শহরের পূর্ব খাবাসপুর এলাকায়।

ফরিদপুর সেফ হোমের উপতত্ত্বাবধায়ক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণ-চেষ্টার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেবেন।