ফরিদপুরে কৃষক খুন, ছেলে গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলার গোবিন্দপুর গ্রামে গত শনিবার রাতে এক কৃষক খুন হয়েছেন। তাঁর নাম মাজেদ মাতুব্বর। অভিযোগ উঠেছে, তাঁর ছোট ছেলে শামসু মাতুব্বরের কুড়ালের আঘাতে তিনি খুন হন। এ ঘটনায় শামসুকে আসামি করে সালথা থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে মাজেদ (৭৫), শামসুসহ (৩৫) বাড়ির লোকজন রাতের খাবার খাচ্ছিলেন। একপর্যায়ে শামসু মাছের তরকারিতে এক জগ পানি ঢেলে দেন। এ ঘটনায় তাঁর বাবা মাজেদ তাঁকে ভর্ৎসনা করেন। এতে ক্রুদ্ধ হয়ে শামসু একটি কুড়াল এনে তাঁর বাবা মাজেদের মাথায় কোপ দেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাজেদের মৃত্যু হয়।
মাজেদের বড় ছেলে আবদুল হক মাতুব্বর প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই শামসু দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তাঁকে মাঝেমধ্যে শিকলে বেঁধে রাখা হতো।
এ ব্যাপারে জানতে চাইলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক গতকাল রোবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তা ছাড়া কৃষক মাজেদের বড় ছেলে আবদুল হক মাতুব্বর বাদী হয়ে হত্যা মামলা করেছেন। একমাত্র আসামি শামসুকে মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।