সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগে এসএ পরিবহনের ফরিদপুর কার্যালয়ের ব্যবস্থাপক ও গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ব্যবস্থাপক আবদুল হালিম (৩৫) ও গাড়িচালক শাকিল মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দুপুরে ট্রাফিক পুলিশের কনস্টেবল ইয়ার আলী (৪৮) বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
ফরিদপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যানটি গতকাল সকাল নয়টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়সংলগ্ন এসএ পরিবহনের ফরিদপুরের কাউন্টারের সামনে এসে থামে। সেটি কয়েক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে মালামাল খালাস করা হয়। এ কারণে ব্যস্ত ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল ইয়ার আলী কাভার্ড ভ্যানের চালক শাকিলকে দ্রুত গাড়িটি সরিয়ে নিতে বলেন। বেলা ১১টার দিকে শাকিল গাড়িটি সরিয়ে না নেওয়ায় ইয়ার আলী আবার ঘটনাস্থলে এলে শাকিল ও আবদুল হালিম তাঁকে মারধর করেন। পরে পুলিশ এসে ব্যবস্থাপক ও গাড়িচালককে গ্রেপ্তার করে।
ফরিদপুর এসএ পরিবহনের পার্সেল সহকারী আলীম খন্দকার বলেন, বৃষ্টির কারণে গাড়ি থেকে মালপত্র খালাস করতে দেরি হয়। তিনি বলেন, ‘ওই সময় আমি পার্সেল লেখার কাজে ব্যস্ত ছিলাম। পরে শুনেছি, ব্যবস্থাপক ও গাড়িচালক পুলিশ কনস্টেবলকে মার দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’