ফরিদপুরে গুলিতে ট্রাকচালক নিহত
ফরিদপুরে গুলিতে এক ট্রাকচালক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম আমজাদ আলী মোল্লা (৪২)। গত সোমবার রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে ওই ব্যক্তি নিহত হন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর শুনে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি পক্ষ আমজাদের, অন্য পক্ষটি আইউব নামে আরেকজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা চলে গেলে পুলিশ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ দাবি করছে, আমজাদ আলী মোল্লা নিহত হয়েছেন প্রতিপক্ষের গুলিতে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াত শরিফ প্রথম আলোকে বলেন, সোমবার রাত তিনটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল হাসান তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মৃতের কপালে গুলিবিদ্ধ হওয়ার একটি চিহ্ন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আমজাদ ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বোন আজুফা বেগম বলেন, ১৫ দিন ধরে তিনি বাড়িতে আসেননি। এলাকার সবাই আমজাদকে ভালো বলেই জানেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে শটগানের ছয়টি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ আটটি মামলা রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।