ফরিদপুরে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু
ফরিদপুরে বাস কাউন্টারে গুলিবিদ্ধ যুবলীগের কর্মী ছোটন বিশ্বাস মারা গেছেন। গত বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার আসামি টিপু সুলতানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ছোটন বিশ্বাসের বাড়ি (৩২) ফরিদপুর সদরের রঘুনন্দনপুর খ্রিষ্টান মিশন মহল্লায়। তিনি উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কুদ্দুসুর রহমান বলেন, গত সোমবার রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে ঢাকা বাস কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা গুলি ছুড়ে ও কুপিয়ে ওই কাউন্টারের চার কর্মী ছোটন, অম্বিকাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. কামাল শেখ, লাবলু শেখ ও নয়ন শেখকে আহত করে। ছোটনকে মঙ্গলবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ছোটনের মৃত্যু হয়।