ফরিদপুরে গৃহবধূ ও তরুণীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিলাধরচর এলাকায় গতকাল শনিবার জ্যোৎস্না বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিন সালথা উপজেলায় খাদিজা আক্তার নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
কয়েকজন এলাকাবাসী জানান, জ্যোৎস্না বেগমের (৩২) স্বামী নজরুল শেখ (৪০) কয়েক সপ্তাহ ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত কয়েক দিনে তাঁর অসুখ বেড়ে যায়। সামনে পেলেই যাকে-তাকে মারধর করার চেষ্টা করছিলেন। গতকাল বেলা তিনটার দিকে নজরুল ঘরের দরজা আটকে স্ত্রী জ্যোৎস্নার ওপর চড়াও হন। একপর্যায়ে দা ও কুড়াল দিয়ে তাঁকে কোপাতে থাকেন। তাঁর আর্তচিৎকার শুনে এলাকাবাসী দরজা ভেঙে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জ্যোৎস্নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ জ্যোৎস্নার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নজরুলকে আটক করা হয়।
পারিবারিক সূত্র জানায়, জ্যোৎস্না মাগুরা সদরের কুশুমদিয়া গ্রামের শামসুর রহমানের মেয়ে। ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের নূরজাহান (৮) নামের এক মেয়ে ও জুনায়েদ (২) নামের এক ছেলে রয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে খাদিজার বাবা আলফু শেখ জানান, তাঁর বাড়ি সালথার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। গতকাল ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে তিনি বাড়ির শৌচাগারের পাশে খাদিজার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশের পাশে সিগারেটের কয়েকটি প্যাকেট ও একটি মুঠোফোন পড়ে ছিল। যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব মোল্লা জানান, ‘পরিকল্পিতভাবে খাদিজাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারছে না।’
সালথা থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় দাগ রয়েছে।