ফরিদপুরে শিখা বেগম (২৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর তিন সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন স্বামী সজীব সরকার (৩৫)। গতকাল সোমবার সকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের চর কমলাপুর মহল্লায় শিখার লাশ তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়। গোপালগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী।
এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবক খুন হন।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা যায়, চরকমলাপুর গ্রামের এক বাড়িতে রিকশা-ভ্যানচালক সজীব সরকার (৩৫) সপরিবারে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি ঢাকার দোহার উপজেলায়। গতকাল সকালে স্থানীয় লোকজন ঘরে শিখা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তখন ওই দম্পতির তিন ছেলে শুভ (৮), সোহাগ (৫) ও সেলিম (৩) এবং স্বামী সজীব কেউ ছিলেন না।
থানার উপপরিদর্শক (এসআই) এনসার আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের গলায় দাগ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর সন্তানদের নিয়ে সজীব পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জে রাসেল রানা (২৫) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গত রোববার রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল হাটুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহত ব্যক্তির স্ত্রী রেহানা বেগম বলেন, রোববার রাতে রাসেল বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। অবশেষে গতকাল সকালে গ্রামের একটি গাছতলায় তাঁর লাশ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রাসেলকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকেলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর গ্রামে গত রোববার স্থানীয়মজিদ খানের বাড়িতে অন্যদের সঙ্গে শাহিন (২৮) নামের এক যুবক জুয়া খেলছিলেন বলে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে। খেলার টাকা ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে অন্য জুয়াড়িরা তাঁকে পেটায়। এ সময় তিনি দৌড়ে পাশের আফসার খানের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই তিনি মারা যান। নিহত শাহিন পাশের বরিশাল সদর উপজেলার জাগুয়া গ্রামের আবদুল মন্নানের ছেলে।
নলছিটি থানা সূত্রে জানা যায়, শাহিনের মৃত্যুর খবরে গতকাল বেলা ১১টার দিকে জাগুয়া গ্রামবাসী রায়াপুরে ছুটে আসে। এ সময় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি গুলি ছোড়ে। জিজ্ঞাসাবাদের জন্য আফসার খানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।