ফরিদপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় একটি ধানখেত থেকে রেশমা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সালথা উপজেলার কানাইয়ের গট্টি গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেশমা বেগম কানাইয়ের গট্টি গ্রামের জালাল শেখের স্ত্রী। ঘটনাস্থলটি তাঁর শ্বশুরবাড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে অবস্থিত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সকালে এলাকাবাসী কানাইয়ের গট্টি গ্রামের একটি ধানখেতে গলা কাটা অবস্থায় ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।