ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রাম থেকে আজ মঙ্গলবার আমেনা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আমেনা ওই গ্রামের সাইদুল ফকিরের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ছোটবন এলাকার আমেনার সঙ্গে সাইদুলের বিয়ে হয়। গতকাল সোমবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমেনার লাশ দেখে পুলিশে খবর দেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন বলেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আমেনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য আমেনার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসআই নাসির জানান, সাইদুল ফকিরসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেছে।