ফরিদপুরে চাতাল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে শেফালি বেগম (৩০) নামে এক চাতাল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার সৈয়দপুর এলাকায় অবস্থিত হাবিবুর রহমানের চাতালের পাশে একটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত শেফালি বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের বকজুড়ি গ্রামের ইমরান হোসেন স্ত্রী। তাঁরা স্বামী-স্ত্রী দুজন ওই চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ওই চাতালের মালিক হাবিবুর রহমান জানান, চাতালের পাশে একটি ভাড়া বাড়িতে শেফালি বেগম ও তাঁর স্বামী থাকতেন। শুক্রবার সকালে ওই বাড়ির একটি ঘরে শেফালি বেগমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে বোয়ালমারী থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।