ফরিদপুরে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রাকিবুল ইসলাম ওরফে মিরন (২৮) ও ফরহাদ মোল্লা (৪০) নামের দুই ব্যক্তিকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন মুরাদ হোসেন (৩৮) নামের অপর এক ব্যক্তি। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঘোষপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কের হাটখোলারচরের বটতলা এলাকায় গত রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মুরাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মশিউল আজম বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, গণপিটুনিতে নিহতেরা ডাকাত না। তাঁরা ভালো ছেলে। এলাকার নিরাপত্তার জন্য দুটি রামদা বানিয়ে ফেরার সময় তাঁরা গণপিটুনির শিকার হন।’
এলাকাবাসী জানান, ডাকাত আতঙ্কে এলাকাবাসী রাতে পাহারা বসিয়েছিল। রোববার রাত ১০টার দিকে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে হাটখোলারচরের বটতলা অতিক্রম করছিল। পাহারারত ব্যক্তিরা ওই তিন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে মোটরসাইকেলটি থামাতে বলে। মোটরসাইকেলের গতিরোধ না করে ওই তিন ব্যক্তি দ্রুত ওই জায়গা ত্যাগ করার চেষ্টা করে। মোটরসাইকেলটি হাটখোলারচর এলাকায় এলে গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জনগণ দুজনকে গণপিটুনি দেয়। তবে একজন পাটখেতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করতে পারলেও রামদায়ের কোপে আহত হন। গণপিটুনিতে আহত দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।