ফরিদপুরে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তিদের ডাকাত বলে দাবি করলেও স্থানীয় ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলছেন, তাঁরা ডাকাত নন।
নিহত দুজন হলেন উপজেলার গজারকান্দি গ্রামের মিলন হোসেন (২৮) ও চতর গ্রামের ফরহাদ মোল্লা (৪০)। এ ছাড়া গণপিটুনিতে আহত হয়েছেন চতর গ্রামের মুরাদ হোসেন (৩৮)।
গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ঘোষপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কে হাটখোলারচরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে ওই এলাকার কয়েকজনের ভাষ্য, ডাকাত আতঙ্কে নৈশ পাহারা চলার সময় মোটরসাইকেলের সন্দেহভাজন তিন আরোহীকে থামতে বলা হলেও তাঁরা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসীসহ পাহারাদাররা দুজনকে বেদম পিটুনি দেয়। এ সময় রামদায়ের কোপে আরেকজন আহত হন।
গণপিটুনিতে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ফরিদ হোসেন মিয়া প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেন।
আহত মুরাদ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মিলনের গ্রামের দফাদার মো. আয়নাল মোল্লার দাবি, মিলন ছিলেন হার্ডওয়্যার ব্যবসায়ী। বোয়ালমারীর কাদেরদী বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আর ফরহাদ কৃষিকাজ করতেন।
ময়না ইউপির চেয়ারম্যান মো. মশিউল আজম বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি, গণপিটুনিতে নিহতরা ডাকাত না। তাঁরা ভালো ছেলে। এলাকার নিরাপত্তার জন্য দুটি রামদা বানিয়ে ফেরার সময় তাঁরা গণপিটুনির শিকার হন।’
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মরদেহ দুটির সঙ্গে মোটরসাইকেল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মামলা করা হবে বলেও জানান তিনি।
গত ২৫ জুন রাতে জেলার সদর উপজেলার বদরপুর এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া পরদিন শহরের টিটিসি এলাকায় আরেক যুবককে একই অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।