ফরিদপুরে ডাকাত সন্দেহে সাত ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ডাকাত সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার কোমরপুর ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বোমাসদৃশ নয়টি বস্তু, দুটি রামদা, দুটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন, মতিউর রহমান, দেলোয়ার খান, কুদ্দুস খান, রিয়াজুল মোল্লা, জাফর মল্লিক ও তবির খান। তাঁদের মধ্যে তবির খানের বাড়ি শরীয়তপুরের চরপল গ্রামে। অন্যদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক এবং বোমাসদৃশ বস্তু ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বাদী হয়ে থানায় মামলা করেছেন।