ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের সালথায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে খোয়াড় গ্রামের সামাদ মাতুব্বরের সঙ্গে মান্নান মাতুব্বরের বিরোধ চলছিল। রোববার রাতে সামাদের সমর্থক হারুন মাতুব্বর, আনিছ মাতুব্বর ও উজ্জ্বল মাতুব্বর স্থানীয় একটি বাজারে থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে মান্নানের দলের লোকজন তাঁদের ধাওয়া করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত সাতটি বসতঘরে হামলা ও ভাঙচুর করা হয়। পরে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ১০ জনের মধ্যে রবিউল শেখ নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।