ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল বুধবার সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১১টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিপেটা ও প্রায় অর্ধশত গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌর এলাকার নওপাড়ায় মোকসেদ ফকিরের ছেলে কুটি ফকির সরকারি জায়গায় একটি ঘর তোলেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পৌরসভার একটি দল তদন্তে আসে। তদন্ত কমিটির সামনে এলাকার ভ্যানচালক আতিকুর রহমান (৩০) কুটির বিপক্ষে সাক্ষ্য দেন। এ ঘটনায় কুটির লোকজন মঙ্গলবার রাতে আতিকুরকে পিটিয়ে আহত করেন। এর জের ধরে কুটি ফকির ও আতিকুরের পক্ষের লোকজন গতকাল সকাল সাতটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মির্জার দোকান এবং মির্জা তালেব, তসলিম মির্জা, গোলজার মোল্লা, বাচ্চু মাতবর, মোশারফ হোসেন, খায়রুল শেখ, হারুন শেখ, হাবিবুল্লাহ মির্জা, ছিদ্দিক মোল্লার বাড়িসহ ১১টি বাড়ি ও দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।