ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের দশ হাজার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ভূট্টো মোল্লা (৪৫)। তিনি ওই গ্রামের আজহার মোল্লার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দশ হাজার গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী ওহাব ফকির ও সোহরাব মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় ওই গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ভূট্টো মোল্লাসহ ১১ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভূট্টো মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, দশ হাজার গ্রামের আধিপত্য নিয়ে ওহাব ফকির ও সোহরাব মোল্লার আগে থেকেই বিরোধ চলে আসছিল। ওহাব আগে থেকেই আওয়ামী লীগের সমর্থক। অপরদিকে সোহরাব বিএনপি সমর্থক হলেও বর্তমানে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই ভূট্টো মোল্লার মৃত্যু হয়েছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।